দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে। এ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে প্রবেশ করছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে ভোলার সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থসহ বেশ কয়েকজনকে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলকে নতুন রূপে সাজানো হয়েছে, যেখানে এর আগে বহু রাষ্ট্রপতির শপথসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।
অনলাইন ডেক্স 
























