অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছে। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি কঠিন অবস্থার মধ্যে ছিল।
মন্ত্রী বলেন, ব্যাংকিং খাত, শেয়ারবাজার ও সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট ছিল। তবে এই আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও জানান, সরকার সৃজনশীল অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে দেশের গ্রামীণ শিল্পী, কারুশিল্পী, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্পোর্টস ইকোনমি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ঐতিহ্যবাহী শিল্পকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে পারলে দেশের মানুষের আয় ও জীবনমান বাড়বে। শীতলপাটি, মৃৎশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনলাইন ডেক্স 






















