সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে হলে লিওনেল মেসির প্রভাব কমিয়ে আনাই হবে ইংল্যান্ডের সবচেয়ে বড় কৌশল বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। তিনি বলেন, মেসিকে ‘বোতলবন্দী’ করে রাখতে পারলে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনাই বেশি।
নেটফ্লিক্স স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে সাবেক ফুটবলাররা আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করেন। কোল বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত!’
কোলের মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত অন্য সাবেক ফুটবলাররা রসিকতা করে তাকে থামানোর চেষ্টা করেন। তবে কোল নিজের অবস্থানে অনড় থেকে জানান, ‘আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি।’
অন্যদিকে, সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ধূর্ত এবং তাদের জেতার মানসিকতা প্রবল। তাই ম্যাচ জিততে ইংল্যান্ডকে বেশি পরিশ্রম করতে হবে।
গ্যারি নেভিল আর্জেন্টিনার রক্ষণভাগের দিকে লক্ষ্য রেখে বলেন, ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটির সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টারব্যাক জুটি বলি।’
বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সাবেক ইংলিশ তারকাদের মন্তব্য দুই দলের লড়াইকে ঘিরে উত্তাপ ও আলোচনার পারদ বাড়িয়ে দিয়েছে।
অনলাইন ডেক্স 
























