সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স থেকে টাকা গণনা শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ গণনা কার্যক্রম পরিচালিত হয়। নগদ অর্থের পাশাপাশি একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা।
চিঠির লেখক উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, চিঠিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখক উল্লেখ করেন, ‘গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’ চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ স্বাক্ষর করেছেন।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির সদস্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট রেঞ্জের ডিআইজি অন্তর্ভুক্ত রয়েছেন।
অনলাইন ডেক্স 























