প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের কর্মসূচি নিয়েছে এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কক্সবাজারে ডুলাহাজারা এলাকায় রেললাইন নির্মাণের সময় কয়েক লাখ গাছ কাটা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে ৭ লাখ গাছ রোপন করা হয়েছে, কিন্তু পরে দেখা গেছে গাছ লাগানো হয়েছে সর্বোচ্চ দুই লাখ। তিনি এ বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, গাছ রোপনের ক্ষেত্রে পরিবেশ, মাটি এবং আবহাওয়ার বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে সবাই অবগত। তিনি বলেন, “একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে আসুন, আমরা একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদযাপন করি।”
প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সবুজ, পরিচ্ছন্ন এবং জলবায়ু-সহনশীল টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তিনি নগর-বন্দর এবং শহরতলীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ।”
অনলাইন ডেক্স 
























