চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মির্জাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩৫) চট্টগ্রাম নগরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে এবং তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সকালে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে অস্বাভাবিকভাবে একজনকে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আমিনুল ইসলামের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, তিনি সোমবার বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি এবং মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর পান।
অনলাইন ডেক্স 























