দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, কখনো কাউকে ‘স্যার সম্বোধন’ করতে বলেননি।
অভিযোগকারী সাংবাদিক সানিউল ইসলাম আরিফ জানান, তিনি তথ্য সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে পেশাগত আলাপচারিতার একপর্যায়ে তাকে ‘ভাই’ না বলে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলা হয়। পরে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ডা. রবিন কালবেলাকে মুঠোফোনে বলেন, “প্রকাশিত শিরোনামটি সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি। আমি শুধু বলেছিলাম, অফিসের পরিবেশে প্রথম পরিচয়ে ‘ভাই’ না বলে ‘মহোদয়’ বা অন্য কোনো অফিসিয়াল সম্বোধন ব্যবহার করলে সেটি পেশাগত শিষ্টাচারের মধ্যে পড়ে।”
তিনি আরও বলেন, “সাংবাদিক তার কার্যালয়ে এলে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করেন।”
ডা. তানভীর হাসনাত রবিন অভিযোগ করেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা শিরোনামে প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করার চেষ্টা।
অনলাইন ডেক্স 























