নড়াইলের লোহাগড়ায় একটি পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে ১৭ বছর বয়সী স্কুলছাত্রী শামিমা আক্তার সেতু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন মিতু খানম (১৩)। রোববার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শামিমা লোহাগড়া উপজেলার নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে এবং নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায় এবং হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে।
এ সময় ট্রাকের পাথর সেতু ও মিতুর শরীরের ওপর পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, ট্রাকটি মিঠাপুর থেকে নলদী হয়ে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। বৃষ্টির কারণে ভারী ট্রাকটি রাস্তার খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।
লোহাগড়া থানার ওসি আবদুর রহিম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।
অনলাইন ডেক্স 



















