জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা রাজধানীর ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলে ভাড়া না দিয়ে প্রায় আট মাস অবস্থান করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তারা সেখানে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং নারীদের অবাধ যাতায়াত ছিল। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, এই নেতারা ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা বকেয়া রেখে হোটেল ত্যাগ করেছেন।
অভিযোগে উল্লেখিত নেতারা হলেন— ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, শাখাওয়াত হোসেন ও তাওসীপ। তাদের মধ্যে শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। অভিযোগে বলা হয়েছে, তারা হোটেলে অবস্থানকালে নিয়মিত নারীদের নিয়ে আসতেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিন জানিয়েছেন, তারা বুকিংয়ের সময় ১০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কোনো ভাড়া পরিশোধ করেননি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করছে এবং রিপোর্ট জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 



















