দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অংশ, গতকাল (২৬ জুন) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করে। এতে ৩৫০ জন সেলার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
সামিটে কার্টআপ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং ই-কমার্স খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ এবং ‘ইয়ার এন্ড সেল’ সহ বিভিন্ন ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। সামিটের আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’, যেখানে ১৩টি ক্যাটাগরিতে পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের সেলার ও পার্টনারদের আস্থা এবং সহযোগিতাই কার্টআপের অগ্রযাত্রার মূল শক্তি।’ কার্টআপের CEO ফুয়াদ আরেফিন জানান, ‘বিক্রেতাদের জন্য উন্নত প্রযুক্তি ও শক্তিশালী লজিস্টিকস সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
দিনব্যাপী বিভিন্ন সেশন, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গালা ডিনারের মাধ্যমে সামিটের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, বাংলাদেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 

























