রিমান্ড শেষে কারাগারে সাবেক — প্রবাসফেরত এক ব্যবসায়ীকে মারধর ও ৩০ হাজার টাকা চুরির মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন।
১৮ নভেম্বর সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় জেলা কারাগার কেরানীগঞ্জ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন এবং তাকে সুচিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
মামলার তদন্তে জানা যায়, রুহুল আমিন ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকারমে উপস্থিত ছিলেন এবং তার সামনে ওই ঘটনা ঘটে।
এসআই রোকনুজ্জামান জানান, আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত রুহুল আমিন বায়তুল মোকাররমের খতিব ছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চব্বিশের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি খতিব পদ হারান।
রুহুল আমিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তার বাবা ‘ছদর ছাহেব হুজুর’ খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী, যিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর বোর্ডের সভাপতি ছিলেন।
২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। পরে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
অনলাইন ডেক্স 
























