টেকসই শিল্পায়নে বেপজা পরিবেশ — শিল্পায়ন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, একবিংশ শতাব্দীতে শিল্পায়নের সফলতা আর কেবল উৎপাদন বা রপ্তানির পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা হয় না।
বর্তমানে শিল্পের পরিবেশবান্ধবতা, উৎপাদন প্রক্রিয়ায় পানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, বর্জ্য শোধন এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগগুলোও শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ মাপকাঠি। আধুনিক বিশ্বে শিল্পায়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পায়নে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনার দিকেও সচেতন। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার জন্য এই উদ্যোগগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীরা এখন শুধু পণ্যের দাম ও গুণগত মান দেখছেন না; বরং উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিবেশগত দায়বদ্ধতা, শ্রমিকের নিরাপত্তা, জ্বালানি দক্ষতা এবং টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোও বিবেচনায় নিচ্ছেন। তাই, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সবুজ শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।
এই বাস্তবতা উপলব্ধি করে বেপজা তার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর পরিবেশ ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসছে। শিল্পবর্জ্য শোধন, পানি ব্যবস্থাপনা, পরিবেশগত কমপ্লায়েন্স, পরীক্ষাগারভিত্তিক পর্যবেক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পায়নের একটি ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন ধরনের তরল ও কঠিন বর্জ্য তৈরি হয়। বিশেষ করে বস্ত্র, ডাইং, ওয়াশিং, রাসায়নিক ও অন্যান্য প্রক্রিয়াজাত শিল্পে ব্যবহৃত পানির সঙ্গে বিভিন্ন রাসায়নিক ও জৈব উপাদান মিশে বর্জ্য পানি তৈরি হতে পারে। এসব পানি যথাযথভাবে শোধন না করে পরিবেশে নিঃসরণ করা হলে জলজ পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
বেপজা এ ক্ষেত্রে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক ইটিপি ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় শোধনাগারের মাধ্যমে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পানি একটি সমন্বিত ব্যবস্থার আওতায় শোধন করা সম্ভব হয়। তবে, শুধুমাত্র শোধনাগার স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না; এর নিয়মিত পরিচালনা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় রাসায়নিকের ব্যবহার এবং শোধিত পানির মান পরীক্ষা-সবকিছুই পরিবেশগত সুরক্ষার সঙ্গে সম্পর্কিত।
বর্জ্য পানির ব্যবস্থাপনার পাশাপাশি শিল্পাঞ্চলে ব্যবহারের জন্য পানির বিকল্প উৎস নিশ্চিত করাও পরিবেশবান্ধব শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ দিক। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে ভূ-উপরিস্থ পানি ও বৃষ্টির পানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশের শিল্পায়নের ভবিষ্যৎ কেবল পণ্য উৎপাদন বা রপ্তানি আয় অর্জনের ওপর নির্ভর করবে না; বরং পরিবেশবান্ধব উপায়ে সেই উৎপাদন সম্ভব হলো কিনা, সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বেপজা তার বিদ্যমান উদ্যোগগুলোকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করতে পারলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প আন্তর্জাতিক অঙ্গনে সবুজ ও টেকসই শিল্পায়নের একটি গ্রহণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে। শিল্পের বিকাশ এবং পরিবেশের সুরক্ষা-এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই হোক বাংলাদেশের আগামী দিনের শিল্পায়নের মূল দর্শন।
অনলাইন ডেক্স 
























