মুস্তাফিজ শফির আহ্বান খালিদীর — বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান এবং শুদ্ধ সাংবাদিকতার চর্চা বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। তিনি বলেন, অল্প সময়ের জীবনে খালিদী সাংবাদিকতায় যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার এ আয়োজন করে। এতে সরকার ও রাজনৈতিক দলের নীতিনির্ধারক, সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় মুস্তাফিজ শফি খালিদীর সঙ্গে প্রায় তিন দশকের পরিচয়ের স্মৃতিচারণা করেন। তাদের মধ্যে খুব বেশি ঘনিষ্ঠতা না থাকলেও সাংবাদিকতার আদর্শ ও পেশাগত মূল্যবোধের জায়গা থেকে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানান তিনি।
খালিদীর সঙ্গে শেষবার দেখা হওয়ার স্মৃতি তুলে ধরে মুস্তাফিজ শফি বলেন, গত মার্চে একটি ইফতার অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। তখনো খালিদী তাকে পহেলা বৈশাখ উপলক্ষে নিজের বাসায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেবার সেই অনুষ্ঠানে যাওয়া হয়নি। মার্চের ওই দেখাই যে তাদের শেষ দেখা হয়ে থাকবে, তা তিনি কল্পনাও করেননি।
খালিদীর সাংবাদিকতার আদর্শের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে মুস্তাফিজ শফি বলেন, সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। খালিদীকে তিনি অনেকখানি অনুসরণ করতেন। বিশেষ করে শুদ্ধ সাংবাদিকতার চর্চা এবং পেশাগত সততার বিষয়ে তাঁর অবস্থান মুস্তাফিজ শফিকে অনুপ্রাণিত করেছিল।
তিনি বলেন, 'আমি তাকে অনেকখানি অনুসরণ করতাম। কী কারণে অনুসরণ করতাম? তিনি যে শুদ্ধ সাংবাদিকতার চর্চার কথা বলতেন বা করার চেষ্টা করতেন, আমিও আমার সাংবাদিকতার জায়গায় সেটা করার চেষ্টা করতাম, এখনও করি। সেই জায়গা থেকে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছিল।'
বাংলাদেশে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তৌফিক ইমরোজ খালিদী নতুন একটি পথ তৈরি করেছিলেন বলে মন্তব্য করেন দেশ রূপান্তর সম্পাদক। তার মতে, সাংবাদিকতার ইতিহাসে খালিদীর নাম দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অল্প সময়ের জীবনে তিনি যে বড় কাজ করে গেছেন, সেটিই তার সবচেয়ে বড় অর্জন।
খালিদীর অকালপ্রয়াণকে অত্যন্ত অপ্রত্যাশিত উল্লেখ করে মুস্তাফিজ শফি বলেন, বয়সে তার চেয়ে চার-পাঁচ বছরের বড় ছিলেন খালিদী। এ বয়সে তার চলে যাওয়ার কথা ছিল না। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্মরণসভায় উপস্থিত সাংবাদিকতার শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা শিক্ষাক্রমে খালিদীর কাজ ও সাংবাদিকতার আদর্শ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অনলাইন সাংবাদিকতায় তার অবদান এবং শুদ্ধ সাংবাদিকতার চর্চা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে সেটিই হবে তার প্রতি যথার্থ সম্মান।
মুস্তাফিজ শফি বলেন, 'অনলাইন সাংবাদিকতায় তিনি যে কাজ করে গেছেন এবং সাংবাদিকতায় শুদ্ধতার যে চর্চা করে গেছেন, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আসল কাজটি হবে। তিনিও বেঁচে থাকবেন আমাদের মাঝে। একই সঙ্গে আমাদের সাংবাদিকতাও আরও অনন্য উচ্চতায় এগিয়ে যাবে।'
স্মৃতিচারণায় খালিদীর পেশাগত জীবনের প্রতিকূল সময়ের কথাও তুলে ধরেন তিনি। বিগত সরকারের সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট কিছুদিন বন্ধ থাকা এবং খালিদীকে বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেন মুস্তাফিজ শফি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হওয়ার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।
মুস্তাফিজ শফি বলেন, এসব পরিস্থিতি খালিদী দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন। মেরুদণ্ড সোজা রেখে নিজের অবস্থানে অবিচল ছিলেন এবং শেষ পর্যন্ত সেসব আইনি জটিলতা থেকে অব্যাহতি পেয়েছেন।
ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে একদিন খালিদীর কাছে বিস্তারিত জানতে চেয়েছিলেন বলেও জানান তিনি। জবাবে খালিদী বলেছিলেন, কোনো একসময় এসব অভিজ্ঞতা নিয়ে লিখবেন। তবে সেই লেখা তিনি শুরু করেছিলেন কি না, তা জানা নেই মুস্তাফিজ শফির।
খালিদীর ব্যক্তিগত ডায়েরি কিংবা কম্পিউটারে এ বিষয়ে কোনো লেখা সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখার জন্য তার সন্তানের প্রতি আহ্বান জানান মুস্তাফিজ শফি। তার মতে, এমন কোনো লেখা পাওয়া গেলে তা প্রকাশ করা উচিত। কারণ, খালিদীর পেশাগত জীবনের প্রতিকূলতা ও অভিজ্ঞতার বিবরণ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে।
অনলাইন ডেক্স 
























