জামায়াত আমিরকে ভিসা দেওয়ার — বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার কারণে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) টনি বার্ক সমালোচনার মুখে পড়েছেন। তার সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠনগুলো।
সফরের সময় শফিকুর রহমানের অতীত বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন এবং ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ বলার অভিযোগ রয়েছে। এ কারণে তার অস্ট্রেলিয়া সফরের অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।
২৩ নভেম্বর, সোমবার, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের সফর নিয়ে টনি বার্কের সিদ্ধান্তের সমালোচনা করা হচ্ছে। তিনি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শফিকুর রহমান হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বীরের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।’ সিনওয়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনাকারী ছিলেন, যা প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যুর সঙ্গে জড়িত।
এছাড়া, জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
বার্কের প্রতিশ্রুতি ছিল, ‘কাউকে ভিসা দেওয়ার আগে তার অতীতে কোনো সমস্যা ছিল কি না তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।’ তবে শফিকুর রহমানকে কেন ভিসা দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শফিকুর রহমান হামাস নেতা সিনওয়ারের মৃত্যুর পর তাকে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছেন। এ ছাড়া, হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার জন্য শহীদের মর্যাদা কামনা করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘সাবেক ইসরায়েলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তবে হামাস নেতাদের মহিমান্বিত করা রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতায় উগ্র ইসলামপন্থিদের ভূমিকা সুপরিচিত। তিনি বলেন, ‘এমন নৃশংসতাকে সমর্থনকারী বা নীরব দর্শকের ভূমিকা পালনকারীদের স্বাগত জানালে অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজন তৈরি হতে পারে।’
ডেইলি মেইলে আরও বলা হয়েছে, সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তার অভিযোগ, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না।
সালোমন বলেন, টনি বার্ক অস্ট্রেলিয়ার জনগণকে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিনি স্বার্থের সংঘাতের অভিযোগও তোলেন।
এদিকে, ডেইলি মেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মন্তব্য জানতে। তবে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 























