টুঙ্গিপাড়া থানায় হামলা ও — গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানার দুই তলা ভবন, ৯টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল, পুলিশের পোশাক, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, অস্ত্রাগার ও কন্ট্রোল রুমের সরঞ্জাম পুড়ে গেছে। হামলার পর থানার কার্যক্রম কাগজে-কলমে সচল থাকলেও বাস্তবে তা প্রায় অচল হয়ে পড়েছে।
গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ সময় থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে থানার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরঞ্জাম পুড়ে যায়। হামলার পর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রধান ফটক বন্ধ। পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার ভবনের জানালার কাচ ভাঙা। থানার চত্বরে পোড়া গাড়ি ও মোটরসাইকেল পড়ে রয়েছে। পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে একটি প্রিজন ভ্যান, চারটি পুলিশ ভ্যান, একটি পেট্রোল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের একটি গাড়ি, দুটি টহল গাড়ি ও ১৫টি মোটরসাইকেল রয়েছে।
এছাড়া, থানার তিন পরিদর্শকের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও কন্ট্রোল রুমসহ অন্যান্য আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ভবন থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে।
থানার পুলিশ সদস্যরা জানান, কাগজে-কলমে দায়িত্ব বণ্টন থাকলেও বাস্তবে কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই। কয়েকজন পুলিশ সদস্যকে থানার আশপাশে সাধারণ পোশাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা জানান, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
থানা সূত্রে জানা যায়, দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। কাগজে-কলমে গত তিন দিন ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায় নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পুলিশের পোশাক, ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, বর্তমানে থানায় দুজন পরিদর্শক, চারজন এসআই, চারজন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছেন। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সবকিছু ভস্মীভূত হয়েছে। প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। থানার কার্যক্রম স্বাভাবিক করতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 




















