জমি জমা ও পারিবারিক — আইনি সমস্যায় পড়েছেন এবং আইনজীবীর কাছে যাওয়ার সামর্থ্য নেই? জমি-জমা নিয়ে বিরোধ, পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ বা অন্য কোনো আইনি জটিলতায় পড়লে সরকারি আইনগত সহায়তা নিতে পারবেন। এ জন্য রয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন ১৬৬৯৯।
দেশের ভেতর থেকে ১৬৬৯৯ নম্বরে বিনামূল্যে ফোন করে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কল করতে পারবেন +৮৮০৯৬১২৩১৬৬৯৯ নম্বরে। আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এর মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থসামাজিক কারণে বিচার পেতে অক্ষম মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা।
জাতীয় হেল্পলাইন কলসেন্টারটি ২০২৫ সালের নভেম্বর মাসে আগের ১৬৪৩০ নম্বর পরিবর্তন করে নতুন টোল ফ্রি নম্বর ১৬৬৯৯ চালু করেছে। এ পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ভেতর থেকে ১৬৬৯৯ নম্বরে কল করে আইনি পরামর্শ, লিগ্যাল এইড অফিসের তথ্য এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে জানা যায়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইনে যোগাযোগ করা যায়।
মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৬৯৯ নম্বরে কল করে আইনি সহায়তা চাওয়া যাবে। এ নম্বরে কল করার জন্য কোনো ফি দিতে হয় না। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আলাদা নম্বর +৮৮০৯৬১২৩১৬৬৯৯ ব্যবহার করে আইনি পরামর্শ বা সহায়তা চাইতে পারবেন। বিদেশ থেকে কল করার সময় বাংলাদেশের আন্তর্জাতিক ডায়ালিং কোড +৮৮০ ব্যবহার করতে হবে।
আইনি সহায়তা হেল্পলাইনে ফোন করে বিভিন্ন ধরনের আইনি সমস্যা সম্পর্কে প্রাথমিক পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। যেমন জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যা, নারী ও শিশু নির্যাতন, দেওয়ানি ও ফৌজদারি মামলা, শ্রমিকদের আইনি সমস্যা এবং অন্যান্য আইনি জটিলতা।
তবে হেল্পলাইনে ফোন করলেই সব ক্ষেত্রে সরাসরি আইনজীবী নিয়োগ বা মামলা পরিচালনার অনুমোদন পাওয়া যায় না। সরকারি আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও আবেদন যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অক্ষম ব্যক্তিরা এ সেবা পাওয়ার যোগ্য।
লিগ্যাল এইডের মাধ্যমে শুধু আইনি পরামর্শই নয়, যোগ্য ব্যক্তিরা আরও কয়েক ধরনের সহায়তা পেতে পারেন। যেমন বিনামূল্যে আইনজীবী নিয়োগ, মামলার খরচ বহন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ। আইনি পরামর্শের মাধ্যমে কোনো আইনি সমস্যায় কী পদক্ষেপ নেওয়া উচিত, কোথায় আবেদন করতে হবে এবং কোন আইনের অধীনে প্রতিকার পাওয়া সম্ভব, সে বিষয়ে তথ্য দেওয়া হয়।
প্রবাসীরা বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬৬৯৯ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য ও আইনি পরামর্শ চাইতে পারবেন। তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা পাওয়া যাবে।
লিগ্যাল এইডের সেবা, আবেদন, আইন, বিধিমালা ও জেলা কার্যালয়ের ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। ওয়েবসাইট: https://nlaso.gov.bd।
আইনি সমস্যায় পড়লে সামর্থ্যের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার প্রয়োজন নেই। সরকারি আইনগত সহায়তার সুযোগ কাজে লাগিয়ে নিজের অধিকার সম্পর্কে জানুন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিন।
অনলাইন ডেক্স 





















