আওয়ামী লীগকে প্রশ্রয় দিলে — জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের জেলে যেতে হবে। তিনি সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন।
হুইপ দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তিনি বলেন, এই দলটি দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয় এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে।
দুলু আরও বলেন, আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে এই নিষিদ্ধ সংগঠন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।
এর আগে, নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনলাইন ডেক্স 






















