হোয়াটসঅ্যাপে তিনটি নিরাপত্তা ত্রুটি — মেটার মালিকানাধীন বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে তিনটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই ত্রুটিগুলো সমাধান করেছে। সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদমাধ্যম দ্য হ্যাকার নিউজ এ তথ্য জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপের একটি ত্রুটি, যার সিভিই-২০২৬-২৩৮৭১ নম্বর, ব্যবহারকারীর আইপি ঠিকানাসংক্রান্ত তথ্য হ্যাকারদের কাছে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছিল। এই ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের ২.২৬.১৭.৪ সংস্করণের আগের সংস্করণগুলো আক্রান্ত হয়েছিল।
প্রতিষ্ঠানটির মতে, হ্যাকাররা নিয়ন্ত্রিত ইউআরএল থেকে মিডিয়া পাঠিয়ে বিশেষভাবে তৈরি ক্লিক টু হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের উত্তরসংবলিত বার্তা দেখানোর মাধ্যমে এই ত্রুটি কাজে লাগাতে পারত। কিছু স্প্যাম বার্তার সঙ্গে এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র দ্য হ্যাকার নিউজকে জানিয়েছেন, একটি প্রতারণামূলক প্রচারণা বন্ধ করার সময় ত্রুটিটি শনাক্ত করা হয়। তবে কতজন ব্যবহারকারী এর শিকার হয়েছেন বা প্রতারকদের চেষ্টা সফল হয়েছিল কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্য দুটি ত্রুটি হলো ‘সিভিই-২০২৬-১০২৭৬৯’ এবং ‘সিভিই-২০২৬-৪৪৯০৮’। প্রথমটি অ্যান্ড্রয়েড অ্যাপের একটি এসকিউএল ইনজেকশন দুর্বলতা, যা অননুমোদিত অ্যাপ থেকে পাঠানো বিশেষভাবে তৈরি অর্ডার ডিটেইলস বার্তায় ব্যবহারকারী ক্লিক করলে ফোনে সংরক্ষিত হোয়াটসঅ্যাপের ফাইল মুছে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছিল। তবে এই ত্রুটি বাস্তবে কাজে লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দ্বিতীয় ত্রুটি ‘সিভিই-২০২৬-৪৪৯০৮’ মেটা এআইয়ের গোপন কম্পিউটিং অবকাঠামোর সার্টিফিকেট যাচাই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এটি মেটার অবকাঠামোর ভেতরে অবস্থান করা কোনো ক্ষতিকর ব্যক্তি হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ দিতে পারত। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের অপব্যবহারের কোনো প্রমাণ নেই।
হোয়াটসঅ্যাপ নিরাপত্তা জোরদারের জন্য ব্যবহারকারীদের অ্যাপ ও ডিভাইসের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছে, যাতে তারা সম্ভাব্য ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে পারেন।
অনলাইন ডেক্স 

























