২০৩০ সালের মধ্যে সশস্ত্র — প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি চালু করা হবে। শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন, দেশের স্থলভাগ, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের জন্য সরকার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থা অপরিহার্য।
সরকারপ্রধান সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে একটি। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলার কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ উচ্চারণ করে বিদ্রোহ ঘোষণা করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উদ্ধৃতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ওই নিবন্ধে জিয়াউর রহমান উল্লেখ করেছেন যে, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন।
জাতিসংঘের অধীনে শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার বিষয়টিকে বাংলাদেশের সেনাসদস্যদের জন্য অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সমর্থনের আশ্বাস দেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
অনলাইন ডেক্স 






















