ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে — ইরানের তেল রপ্তানি পুনরায় চালু করাই এখন তেহরানের প্রধান লক্ষ্য। তেহরানভিত্তিক গবেষক আলী আকবর দারেইনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় কিংবা চলাচলে বাধা দেয়, তাহলে ইরান সামরিকভাবে জবাব দেবে।
দারেইনি বলেন, ‘ইরানের কৌশল অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে আবারও তেল রপ্তানি শুরু করা। মার্কিনিরা যদি ইরানি ট্যাংকারে হামলা চালায় বা হয়রানি করে, তাহলে ইরান সামরিকভাবে জবাব দেবে। কারণ, নৌ অবরোধ যুদ্ধ ঘোষণার শামিল।’
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়াই ইরানের লক্ষ্য। এ লক্ষ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের কৌশল ব্যবহার করতে পারে তেহরান। এর মধ্যে অঞ্চলটির বিভিন্ন তেল স্থাপনায় হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
দারেইনি দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তিনি সতর্ক করেন যে, যদি এ কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে ইরান ইউএইর কোনো তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে দারেইনির এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে ইউএইর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দারেইনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধে ফেরেননি সামরিক সীমাবদ্ধতার কারণে। একই সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়ানো ও কমানোর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও তাকে ভাবাচ্ছে।
তিনি বলেন, ‘ট্রাম্প যদি আবার যুদ্ধে ফেরেন, তাহলে তাকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আর যুদ্ধে না ফিরলেও তার জন্য এর মূল্য ক্রমাগত বাড়তে থাকবে।’
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এবং বিশ্ব নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সামরিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কার্যক্রমের ওপর নির্ভর করবে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ইরানের কর্মকাণ্ডের দিকে থাকবে।
এছাড়া, ইরানের তেল রপ্তানি পুনরায় চালু করার প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। বিশেষ করে, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কারণে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
অনলাইন ডেক্স 
























