বাংলাদেশ ম্যাচ বাঁচানোর বিশ্বাস — জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারানোর পর দলের পরিস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সফরকারীরা সেই বিপর্যয় কাটিয়ে ওঠে। তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪০০ রানে পৌঁছায়। এই ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশ দলের জন্য ম্যাচ বাঁচানোর বিশ্বাস জোগাচ্ছে।
বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শুরুতেই আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে তারা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ১০০ রান নিয়ে। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন ৫৭ রান। লিটন দাস ১২ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত রয়েছেন। শেষ দিনে এই দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশ দলের আশা নির্ভর করছে।
দলের পেসার হাসান মাহমুদ আশাবাদী, ‘এখন যদি জুটি বানাতে পারি, চেষ্টা করব কীভাবে আমরা নিজেদের এখান থেকে বাঁচাতে পারি। আমার মনে হয় যে আমরা পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রান থেকে যেহেতু আমাদের রান ৪০০ হয়েছে, এখনও আমরা বিশ্বাস করি ভালো একটা জুটি গড়তে পারলে ভালো রান করতে পারব।’
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া হাসান শেষ দিকে প্রতিপক্ষের লেজের ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওদের টেইলএন্ডাররা আসাতে কিছু রান লিক হয়েছে। চেষ্টা করেছিলাম এক জায়গায় বল করে যাব। হয়নি সেভাবে। অত চাপ দিতে পারিনি তাদের টেইলএন্ডারকে। ওরা পরে ভালো স্কোর করে ফেলে। আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়। দেখা যায়, এখানে আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই।’
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন হাসান মাহমুদ নিজের বলেই একটি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। মার্কেস অ্যাকারম্যানের সোজা ড্রাইভ ঠেকাতে গিয়ে বলটি তার কপালে আঘাত করে। মাঠে লুটিয়ে পড়লেও পরে তিনি উঠে দাঁড়িয়ে আবার বোলিংয়ে ফেরেন। সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে হাসান বলেন, ‘বল হাতে লাগার পর এক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে যায়। পরে উঠে দাঁড়াই এবং বোলিংয়ে ফিরি। মাঝে কনুইয়ে কিছুটা অস্বস্তি অনুভূত হয়েছিল। পরে ক্যারি অন করেছি এবং বোলিং চালিয়ে গিয়েছি।’
নিজের বোলিংয়ের ধরন নিয়ে হাসান বলেন, ‘আগ্রাসন ব্যাপারটি আসলে ব্যক্তিভেদে একেকরকম হয়। আমি অতটা আগ্রাসী হই না। আমি কেবল বল করে যাই, লেন্থে হিট করি, চাপ সৃষ্টি করি, নিজের কাজটা চালিয়ে যাই।’
বাংলাদেশের জন্য শেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করছে, যদি তারা কিছু ভালো জুটি গড়তে পারে, তাহলে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা রয়েছে। দলের সকল সদস্য এখন এই লক্ষ্যেই মনোনিবেশ করেছে।
অনলাইন ডেক্স 






















