ভিডিও ধারণ করতে গিয়ে — নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে গার্মেন্টসকর্মী আবির ইউসুফ মোল্লা (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে এবং তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্ত্রী নাহিদা ইয়াসমিন সাত মাসের অন্তঃসত্ত্বা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাহিদা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, ‘আমাদের বিয়ের বয়স মাত্র আট মাস। আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। এখন আমার কী হবে?’ তার এই আহাজারি শুনে উপস্থিত সবাই শোকাহত হন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইউসুফ মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। তিনি কিছুটা অসুস্থ অনুভব করছিলেন এবং স্ত্রী তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন। এরপর তিনি কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে বাইরে বের হন। কিছুক্ষণ পরই খবর আসে, সংঘর্ষের দৃশ্য ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা ওমর ফারুক বলেন, ইউসুফ ঘটনাস্থলে গিয়ে দেখেন, কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং তাকে গুরুতর আহত করে।
স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিনে বের হন তিনি।
দিলুর অভিযোগ, জামিনে বের হওয়ার পর জুয়েল আরমানের লোকজন তার বাড়িতে হামলা ও ভাঙচুর করতে আসে। এ সময় ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আদালতের সামনে মারামারির ঘটনাকে কেন্দ্র করে কৃষক দল নেতা জুয়েল আরমানের লোকজন দিলুর বাড়িঘর ভাঙচুর করতে যায়। ইউসুফ মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইউসুফের পরিবার ও স্ত্রী নাহিদার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
অনলাইন ডেক্স 






















