বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার — ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক প্রথমবারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। এনদ্রিকের নামের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়েছে।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গোল করার পর এনদ্রিক বিশেষ এক উদ্যাপন করেন। গোল করার পর তিনি দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন, যা তার নবজাতক সন্তান ও স্ত্রীর উদ্দেশে ছিল।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে ব্রাজিল সিঙ্গাপুরকে ৭-০ গোলে পরাজিত করে। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি তিনি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন।
গত জুলাইয়ে বেবি শাওয়ার অনুষ্ঠানে এনদ্রিক ও গ্যাব্রিয়েলি মিরান্ডা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও বিশেষ সম্পর্ক রয়েছে। মূলত, কেনদ্রিক নামটি হওয়ার কথা ছিল এনদ্রিকের নিজের, কিন্তু পরে তার বাবা-মা নামটি পরিবর্তন করে এনদ্রিক রাখেন।
এনদ্রিক জানিয়েছেন, নামটির পেছনে বিশেষ ধর্মীয় তাৎপর্যও রয়েছে। তিনি ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরিবারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পেশাদার ক্যারিয়ারেও মনোযোগী থাকতে চান।
এদিকে, রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে এনদ্রিককে নিয়ে। তবে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে তিনি সব সময় প্রস্তুত।
এনদ্রিকের এই নতুন অধ্যায় তার ক্যারিয়ারের জন্য একটি নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। ফুটবল মাঠে তার পারফরম্যান্স এবং পারিবারিক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে তিনি চেষ্টা করবেন।
এনদ্রিকের এই সুখবর তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নতুন জীবনের জন্য শুভ কামনা করছেন।
অনলাইন ডেক্স 























