বনশ্রীতে ৪ বছরের শিশুকে — রাজধানীর বনশ্রীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে চার বছরের শিশুকন্যা আসফিয়া জাহান নূরকে হত্যার অভিযোগ উঠেছে তার মা মেহেরুননেসার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মেহেরুননেসাকে আটক করে রামপুরা থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসার জীবন মোটামুটি ভালো কাটলেও পরবর্তী পাঁচ বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ ও অশান্তি চলছিল।
দুই পরিবার মিলে কয়েক দফা সালিশ করেও এই দ্বন্দ্বের সমাধান করতে পারেনি। ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচার ব্যবহার করে শিশুর বাবা আশরাফুল হক ইমনকে দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথম বার্তায় তিনি জানান, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’ এবং দ্বিতীয় বার্তায় বলেন, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি’ বলে উল্লেখ করেন।
এমন বার্তা পাওয়ার পর শিশুর বাবা ইমন দ্রুত তার বাসার মালিক এমদাদুল হককে ফোন করে বিষয়টি জানিয়ে দ্রুত খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত মা নিজেই জানান যে তিনি মেয়েকে হত্যা করেছেন এবং তাকে যেন পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির মরদেহ আজিমপুরে দাফন করার কথা রয়েছে। পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এমন নৃশংস ঘটনা সমাজে অশান্তি ও অস্থিরতা বাড়াচ্ছে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা পারিবারিক দ্বন্দ্বের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এটি একটি দুঃখজনক ঘটনা, যা সমাজের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলের উচিত সচেতনতা বৃদ্ধি করা।
অনলাইন ডেক্স 























