ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে — জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভেতরে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার আহ্বান জানিয়ে বলেন, "তাহলে পুরো জাতি সরকারের সাথে থাকবে।"
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো এক কাতারে ছিল, কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। তিনি দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যের জায়গায় ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, সংসদ অধিবেশন চলাকালে সারা দেশে নাশকতার ঘটনা ঘটছে এবং এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ছিল। সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী করবে, তা জানানো প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিলেও তা স্পষ্ট হয়নি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিচার প্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে অনেকের প্রতি অবিচার হয়েছে, কিন্তু এখন কাউকে অবিচার করা উচিত নয়। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের প্রাপ্য শাস্তি পাবেন।
তিনি দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহের দাবি জানান। তিনি বলেন, "শিল্প বাঁচলে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন।"
ডা. শফিকুর রহমান শ্রমিক আন্দোলনের আড়ালে হামলা ও ভাঙচুরের ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তির হাত রয়েছে বলে মনে করেন। তিনি বলেন, "কোনও শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না।"
শিক্ষাব্যবস্থার শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাস হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে।
মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি ডা. শফিকুর রহমান বলেন, "বিদেশের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জাতীয় সংসদে পেশ করা উচিত।" তিনি বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরের বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 























