নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের — নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে, যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ এবং গ্রামীণ ব্যবসার জন্য প্রযোজ্য।
সোমবার জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী আরও জানান, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা নয় বছর সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরি কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় এসেছে।
ব্যবসা পরিচালনা সহজ করার লক্ষ্যে, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেওয়া হবে, তবে দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে। কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন ব্যয়কে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ ও সময়সাশ্রয়ী করতে আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে। ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে অপর এক তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে। ঋণ থেকে অর্জিত আয় দিয়ে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়। তাই ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই। তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুব কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি নিয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবহার করে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনলাইন ডেক্স 





















