বাণিজ্যমন্ত্রী কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের — বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব শর্ত পূরণে দেশের শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি উল্লেখ করেন, ‘এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’
রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (স্টাইল-২) প্রকল্প।
মন্ত্রী আরও বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। লাখ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি, বিশেষ করে নারীদের কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে এ খাত দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রমচর্চা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা প্রত্যাশা করে।
মন্ত্রী উল্লেখ করেন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোর সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, কমপ্লায়েন্সকে শুধু নিয়ম পালনের বিষয় হিসেবে নয়, বরং বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুত করার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানাগুলোতে স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর ফলে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে।
এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, বর্জ্যপানি শোধনাগারের (ইটিপি) অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, পণ্যের উৎস অনুসরণের কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী তথ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।
জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মাধ্যমে এসসিএআইপি ও স্টাইল-২ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসসিএআইপি প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ প্রকল্প বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























