সৌদি আরবের মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন মুসলিম লেখক ও চিন্তাবিদের বই নিষিদ্ধ করার খবর প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে, এসব লেখকের বই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে পড়ার সুযোগ নিষিদ্ধ করা হয়েছে।
নথিটি প্রকাশ করেন সৌদি গবেষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-আওদাহ। তালিকায় আবুল হাসান আলী নদভী, আবুল আ’লা মওদুদী, মালেক বেন্নাবি, ইউসুফ আল-কারজাভি ও মুহাম্মদ আল-গাজালির মতো বিশিষ্ট লেখকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মুস্তফা আল-সিবাঈ, আবদুল ওয়াহহাব খাল্লাফ, আবদুল আজিজ আল-তারিফি, সাফার আল-হাওয়ালি, সালমান আল-আওদাহ ও আওয়াদ আল-কারনির নামও তালিকায় রয়েছে।
এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ধরনের একাডেমিক বা প্রশাসনিক মানদণ্ড অনুসরণ করেছে। তালিকাভুক্ত বইগুলোর বিষয়ে আলাদাভাবে কোনো পর্যালোচনা করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
তালিকায় থাকা লেখকদের অনেকেরই ইসলামী শিক্ষা ও গবেষণায় সুপরিচিত বই রয়েছে, যা বিভিন্ন দেশের গবেষক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে, বই নিষিদ্ধ করার পেছনের কারণ ও মানদণ্ড সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এছাড়া, তালিকায় থাকা বইগুলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে নিষিদ্ধ কি না, তা নিয়ে আরও সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সমালোচকরা।
অনলাইন ডেক্স 

























