পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জামায়াতে ইসলামীকে পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন। তবে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমান জানিয়েছেন, তারা প্রতিবাদ করার অধিকার ছাড়বেন না।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী পাকিস্তানের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ মুলতানে পৌঁছানোর পর হাফিজ নাঈমকে ফোন করে লং মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান।
হাফিজ নাঈম প্রধানমন্ত্রীকে জানান, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে ফেলা জামায়াতের উদ্দেশ্য নয়। তবে তারা জনগণের সমস্যা তুলে ধরতে রাস্তায় নেমেছেন এবং সরকারের উচিত তাদের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করা। তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াতের আমির জানান, পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে তাদের ট্রেন মার্চ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে পৌঁছায়। সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে পৌঁছালেও সমর্থকদের উপস্থিতি কমেনি।
হাফিজ নাঈম সরকারের উদ্দেশে বলেন, রাস্তায় কনটেইনার ফেলে এই মার্চ থামানো যাবে না। তিনি জনগণের স্বার্থে পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা 'চাঁদাবাজির কর' প্রত্যাহারের দাবি জানান। জামায়াতের আমির রাজনৈতিক দলগুলোর প্রতি অভিযোগ করেন যে, তারা সাধারণ মানুষের সমস্যাগুলো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না।
অনলাইন ডেক্স 
























