জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের জন্য ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। তিনি জানান, ইরান চাইলে আবারো আলোচনায় ফিরতে পারে।
গতকাল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘আল-মনিটর লাইভ’ অনুষ্ঠানে ওয়াল্টজ এ কথা বলেন। তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনের পক্ষে সময় যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা-ই মনে করি’।”
ওয়াল্টজ আরও জানান, ইরান যদি শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আলোচনা শুরু করতে চায়, তবে তা সম্ভব। তবে তিনি তেহরানের নতুন আলোচনা শুরুর শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করার বিষয়টিকে কাল্পনিক বলে উড়িয়ে দেন।
তিনি ১৯৭৯ সালের পর ইরানি শাসকগোষ্ঠীর দুর্বল অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে। অর্থনৈতিক চাপ ও দেশটির মুদ্রার দরপতনের বিষয়টি তুলে ধরে ওয়াল্টজ আশা প্রকাশ করেন যে, ইরান শান্তিপূর্ণভাবে আলোচনায় ফিরে আসবে।
অনলাইন ডেক্স 
























