উত্তর কোরিয়া রোববার (২০ সেপ্টেম্বর) পূর্ব উপকূল থেকে তিন ঘণ্টার ব্যবধানে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, ক্ষেপণাস্ত্রটি হোয়াসং-১১ সিরিজের।
প্রথম উৎক্ষেপণের প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে একই এলাকা থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যা ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রথম উৎক্ষেপণটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করেছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক কর্মকাণ্ড আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এর আগে ১২ সেপ্টেম্বরও উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।
অনলাইন ডেক্স 























