ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির কাছে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হুথিদের এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি এক্স-এ এক পোস্টে লিখেছেন, কাহবুব ফ্রন্টে এই সংঘর্ষ ঘটে। এতে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার সঙ্গে থাকা আরও ছয়জন সহযোগী নিহত হন।
হুথি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।
কাহবুব এলাকা থেকে বাব আল-মান্দাব প্রণালি স্পষ্ট দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবার সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
অনলাইন ডেক্স 























