ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মাজ্জোলা ১৭ বছরের পুরো সিনিয়র ক্যারিয়ার ইন্টার মিলানেই কাটিয়েছেন এবং ক্লাবটির হয়ে ৫৬৫ ম্যাচ খেলেছেন। তিনি ইন্টারের হয়ে চারটি সিরি আ এবং দুটি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতীয় দলের হয়ে মাজ্জোলার ক্যারিয়ারও সমৃদ্ধ ছিল। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি এবং ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ফাইনালে খেলেন।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান, যা তাকে নিজেদের ইতিহাস ও বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছে।
মাজ্জোলার পারিবারিক ইতিহাসও বেদনাদায়ক। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন জাতীয় দলের ফুটবলার এবং ১৯৪৯ সালে সুপারগা বিমান দুর্ঘটনায় নিহত হন।
মাজ্জোলা ১৮ বছর বয়সে ইন্টার মিলানের সিনিয়র দলে অভিষেক করেন এবং দ্রুতই ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। ১৯৭৭ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি ইন্টার মিলানসহ বিভিন্ন ক্লাবে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনলাইন ডেক্স 
























