ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আয়ান আবদুল্লাহকে এক বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকার শাস্তি দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে এই শাস্তির মুখে পড়েছেন।
আয়ান আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। জানা গেছে, তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকা মেডিকেল মোড়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নেন।
আয়ান আবদুল্লাহ গত বছর ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তবে নির্বাচনের সময় গুঞ্জন ছিল যে তিনি ছাত্রলীগ সমর্থিত প্যানেলে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, যার মধ্যে আয়ান আবদুল্লাহর শাস্তিও অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
অনলাইন ডেক্স 
























