উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তান বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ভারতের প্রতিবাদের একদিন পর এই তলব করা হয়।
গত ১৫ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় ভারত অভিযোগ করে, পাকিস্তানি একটি জাহাজ তাদের জাহাজকে ধাক্কা দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে, ভারতীয় জাহাজ তাদের জাহাজের খুব কাছাকাছি চলে আসলে সংঘর্ষ ঘটে।
পাকিস্তান সরকার ঘটনাটিকে ‘অত্যন্ত উসকানিমূলক ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সংঘর্ষটি তাদের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলের’ মধ্যে ঘটে। আন্তর্জাতিক আইনে বিশেষ অর্থনৈতিক জোনকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ধরা হয়, যেখানে কোনো দেশের সার্বভৌমত্বের অধিকার নেই।
পাকিস্তান সরকারের দাবি, তাদের নৌবাহিনী ওই অঞ্চলে সিস্পার্ক-২৬ নামে একটি দ্বিবার্ষিক মহড়া পরিচালনা করছিল। এ সময় ভারতের একটি জাহাজ ঝুঁকিপূর্ণভাবে তাদের জাহাজের কাছে চলে আসে, যার ফলে সংঘর্ষ ঘটে।
পাকিস্তান ভারতকে ১৯৯১ সালের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে, যেখানে বলা হয়েছে, দুই দেশের জাহাজ একে অপর থেকে তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখবে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 





















