স্টকহোমে ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের পর ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে। তেহরানে নিযুক্ত এক সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সুইডেনের পদক্ষেপকে ‘অসংগত, অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে উল্লেখ করেছে। এ ঘটনায় তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
এর আগে, সুইডেন অভিযোগ করে বলেছে, ইরান দেশে নিরাপত্তাবিঘ্নকারী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধী ব্যক্তি এবং সুইডেনে বসবাসরত বিভিন্ন ইহুদি ও ইসরায়েলি স্বার্থকে নিশানা বানিয়ে বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছে তেহরান।
তবে ইরান বৃহস্পতিবার সুইডেনের সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বর্তমানে সুইডেনে বিপুলসংখ্যক ইরানি নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে অনেকেই বর্তমান সরকারবিরোধী নির্বাসিত রাজনীতিক ও কর্মী।
গত মার্চে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি-সুইডিশ দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে তেহরান। এছাড়া, আহমেদরেজা জালালি নামে অপর এক সুইডিশ-ইরানি নাগরিককে ১০ বছরেরও বেশি সময় ধরে ইরানে কারাবন্দি রাখা হয়েছে।
অনলাইন ডেক্স 






















