সরকার পুলিশের দুই ডিআইজিসহ ১১ কর্মকর্তাকে বদলি করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) পদে পদায়ন করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি করা হয়েছে। বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদপ্তরের এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তার রদবদল করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবি-র ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অনলাইন ডেক্স 
























