ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় বহু হুতি যোদ্ধা নিহত হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, মোখা বন্দর এবং জায়েদ আল-খারজ শপিং মলের কাছে হামলায় হুতির যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, মোখায় পানি প্রকল্পের প্রশাসন কার্যালয়ের পাশে কয়েকজন হুতি সদস্য নিহত হয়েছেন। এছাড়া মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রে হামলা চালানো হয়, যেখানে হুতি যোদ্ধাদের জড়ো হওয়ার স্থান ছিল।
আল-নুজাইলি বলেন, মোখার উত্তর পাশের রিং রোডে এক সাবেক সামরিক নেতার কার্যালয়ে সমবেত হুতি সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
২০১৪ সালে রাজধানী সানা ও দেশের বড় একটি অংশ দখলে নেয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।
অনলাইন ডেক্স 





















