২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এদিনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
নিউইয়র্কের পরিবর্তে ট্রাম্প ভার্জিনিয়ার পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ওই হামলায় ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমানের মধ্যে দুটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে, যার ফলে মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।
লোয়ার ম্যানহাটনের ‘গ্রাউন্ড জিরো’তে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ চার জীবিত প্রেসিডেন্ট—জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটনের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা থাকবে না; নিহতদের পরিবারের সদস্যরা একে একে সব নিহতের নাম পাঠ করবেন।
৯/১১ হামলার পর লোয়ার ম্যানহাটনে বাতাসে বিষাক্ত পদার্থের মাত্রা সম্পর্কে নগর কর্তৃপক্ষের তথ্য সম্প্রতি প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র মামদানি। তিনি জানান, ওই সময়ের নেতারা জনগণকে নিরাপদ বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু বিষাক্ত বাতাসের সত্যতা গোপন রেখেছিলেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, স্মরণ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যান্টি-ড্রোন দল মোতায়েন থাকবে, তবে অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো হামলার হুমকি সম্পর্কে গোয়েন্দা তথ্য নেই। ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে আল-কায়েদাও একটি ভিডিও প্রকাশ করেছে।
অনলাইন ডেক্স 




















