গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকটের পেছনে ফ্যাসিবাদের ভঙ্গুর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশের এলএনজি টার্মিনালে দুর্ঘটনা রয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন এবং বিরোধী দলের লং মার্চ কর্মসূচির সমালোচনা করেন।
তিনি বলেন, জনগণের দুর্ভোগের সুযোগ নিয়ে কোনো অপচেষ্টা চালানো সমীচীন নয়। লং মার্চের মাধ্যমে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তবে সরকার নিজেই সবার আগে লং মার্চের আয়োজন করত।
সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান, বিগত এক যুগে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা হয়নি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বেড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ১০-১২ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় আমদানিতে বাধা তৈরি হয়েছে।
সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার ইতোমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী অতীতের অভিজ্ঞতার আলোকে দেশের উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 






















