২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তিনি জানান, হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে নেতানিয়াহু ওই সতর্কবার্তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের জানাননি এবং কোনো কার্যকর পদক্ষেপও নেননি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে আমিরাতের প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর মধ্যে ৪৫ মিনিটের ফোনালাপ হয়। ওই কথোপকথনে আমিরাতের প্রেসিডেন্ট হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ারের পরিকল্পনার বিষয়ে সতর্ক করেন, যা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
নেতানিয়াহুর প্রতিক্রিয়া আমিরাতের প্রেসিডেন্টকে বিস্মিত করেছে। তিনি আশ্বস্ত করেন যে, গাজা পরিস্থিতি নিয়ে জেরুজালেম সবকিছু পর্যবেক্ষণ করছে। তবে হামাসের সম্ভাব্য হামলার তথ্যটি আমিরাতের প্রেসিডেন্টের কাছে পৌঁছেছিল ফাতাহর এক মধ্যস্থতাকারীর মাধ্যমে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় হারেৎজের প্রতিবেদনের বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, ওই সময় নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের কোনো কথোপকথন হয়নি এবং সতর্কবার্তাও পাননি।
এদিকে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হারেৎজের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুকে হামলার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল এবং এটি অবহেলার পর্যায়ে পড়ে।
অনলাইন ডেক্স 
























