রোববার (১৬ আগস্ট) সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী।
লিখিত বক্তব্যে আলী মর্তুজা বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভি.পি. আয়নুল হককে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার তীব্র নিন্দা জানানো হয়। তিনি বলেন, ঘটনাটিকে রাজনৈতিক বিরোধ হিসেবে উপস্থাপন করা উচিত হবে না।
মর্তুজা আরও বলেন, ধানগড়ায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, যদিও বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এবং সাধারণ জনগণ এ দাবির সঙ্গে সম্পৃক্ত ছিল।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলা বা উস্কানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন এবং টিটিসি স্থাপনের দাবির শান্তিপূর্ণ সমাধানে স্থান নির্ধারণী কমিটি গঠন।
জামায়াত নেতারা বলেন, তারা কোনো সংঘাত চান না বরং সত্য উদঘাটন ও নিরপরাধ মানুষের হয়রানি বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনলাইন ডেক্স 

























