বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আজকের আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিষয়টি উঠে এসেছে। আমরা তাদের বলেছি, এই প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য। আমরা আশাবাদী, ভারত এ ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে।’
এছাড়া, ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতকে জানানো হয়েছে। ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, সেগুলো দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিমসটেক চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে দাওয়াত দিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























