চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের একদিন আগে জনসভাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৮ আগস্ট) তিনি উপজেলার বাহারছড়ায় এই পরিদর্শন করেন।
পরিদর্শনের আগে ত্রাণমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও দেখেন। তিনি প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘুরে দেখে মাঠের প্রস্তুতি এবং নিরাপত্তাসহ অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু জানান, বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী এসব পরিবারের হাতে প্রতীকী ঘরের চাবি তুলে দেবেন।
তিনি বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
ত্রাণমন্ত্রী আরও জানান, এলাকার খালগুলো দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন ত্রাণমন্ত্রী। তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















