জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন — জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী শনিবার (২৮ নভেম্বর) ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হবে। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আয়োজিত এ সম্মিলনে শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সম্মিলনটি রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানে রয়েছে। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয়ও যুক্ত হয়েছে।
অধিভুক্ত কলেজের ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে সাতটি ভাষা শেখানোর উদ্যোগের অংশ হিসেবে ২৭টি কলেজে ভাষা ক্লাব চালু হয়েছে। চলতি বছরের মধ্যে আরও ১০০টি ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। এ ছাড়া ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য জানান, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন। সেশনজট ইতোমধ্যে এক বছর কমেছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা শূন্যে নামানোর লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও পুনরায় চালু হয়েছে।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে, আরও ২০টি চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব করার কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ এবং স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























