হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল — রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম বুধবার (২৫ নভেম্বর) এ বিষয়ে আদেশ দেন। মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ছিল আজ। তবে নিহত হোসেনের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, আসামিদের হাজিরা না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে। আগামী ৭ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগ ও নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন তিনি, পথে চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়।
মামলার ৩৪ আসামির মধ্যে ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু। মামলাটিতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন, অন্য ১০ জন জামিনে আছেন।
আগামী ৭ ডিসেম্বর সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেক্স 























