ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার গুরুত্ব — ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগটি প্রতিরোধে আগাম সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা জানান, ডায়াবেটিস কেবল একটি রোগ নয়, বরং নানা জটিল রোগের অন্যতম কারণ। তাই আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বেশি কার্যকর ও সাশ্রয়ী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিসের প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের প্রভাব পড়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে কিডনির ওপর। দীর্ঘদিন রোগটি নিয়ন্ত্রণে না থাকলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে। তারা জানান, ডায়ালাইসিসনির্ভর অনেক রোগীর পেছনেও ডায়াবেটিস অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ নিজেদের রোগ সম্পর্কে জানেন না। গ্রামাঞ্চলেও রোগটির বিস্তার বাড়ছে।
ডা. মাহমুদা আলম মিতু আরও বলেন, চিকিৎসকরা রোগীদের সচেতন করতে কাজ করছেন, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জীবনযাত্রার পরিবর্তন ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে বক্তারা খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং মানসিক চাপ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ ও নিয়মিত ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিসের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তারা জানান, অতিরিক্ত তৃষ্ণা, বারবার প্রস্রাব হওয়া, অস্বাভাবিক ক্ষুধা, ওজন হ্রাস এবং ক্লান্তি এসব লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তারা।
সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে রোগীদের সহযোগিতা প্রয়োজন। তারা জানান, রোগীরা যদি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারটি ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 

























