যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের — যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ তাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই শুল্ক আরোপের পেছনে রয়েছে উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনের বিষয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের ফলাফল।
এই তদন্তের আওতায় থাকা দেশগুলোতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করা হবে।
নতুন ঘোষণায় চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামের জন্য এই হার ৩৫ শতাংশ এবং অন্যান্য দেশগুলোর জন্য ২০ বা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বে সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কিছু শুল্কের হার কার্যকরভাবে কমে আসবে।
ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বারবার শুল্ক আরোপের হুমকি দিয়েছে এবং বাস্তবায়ন করেছে। প্রশাসনের যুক্তি হলো, এই নীতি মার্কিন উৎপাদন খাতকে চাঙা করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।
অন্যদিকে, অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন যে, আমদানি কর মূল্যস্ফীতি বাড়াতে পারে, ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যকে মন্থর করতে পারে।
এর আগে, চলতি বছরের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে জরুরি ক্ষমতাবলে ট্রাম্পের আরোপ করা অনেক শুল্ক অবৈধভাবে কার্যকর করা হয়েছিল। এর ফলে গত গ্রীষ্মে পণ্য আমদানিতে শুল্ক পরিশোধ করা মার্কিন কোম্পানিগুলোকে শত শত কোটি ডলার ফেরত দিতে হয়েছিল।
তবে, ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের প্রচেষ্টা থেকে সরে আসেনি। বরং বিকল্প আইনি উপায় খুঁজছে হোয়াইট হাউস, যা আজকের এই পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
অনলাইন ডেক্স 
























