কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তাদের জন্য — কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই সহায়তার মধ্যে ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা এবং ১০ লাখ টাকা ঋণসুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর। এতে প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
মতবিনিময় সভায় তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক ধারণা, উদ্যোগের ধরন, অর্থায়ন প্রক্রিয়া, উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করা হয়। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ‘তরুণরা দেশের প্রাণ। তাঁদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে দেশের অর্থনীতি উন্নত হবে। চাকরির পেছনে ছোটার পরিবর্তে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।’
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করছেন। বাংলাদেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। আমাদের দায়িত্ব হলো তাঁদের চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’
তিনি আরও জানান, উদ্যোক্তাদের জন্য ক্যাম্পাসে বিনা ভাড়ায় জমি দেওয়া হবে এবং বিভিন্ন প্রকল্প ও ব্যবসা চালুর সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যাংক ব্যবস্থাপকদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে চক্রবৃদ্ধি হারে সুদের সমস্যা রয়েছে। ঋণের সুদ সহজলভ্য ও সহনীয় করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
সভাপতি ড. জুলহাস উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সরকারের নির্দেশনায় তরুণদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীরা যেন সহজ শর্তে প্রণোদনা ও ঋণ পেতে পারেন।’
অনলাইন ডেক্স 
























