মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। সর্বশেষ সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় পরিচালিত অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের নেতৃত্বে আরও সাতটি সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন। অভিযানের সময় বিদেশি কর্মীরা দোকানপাটের সারি ও ভবনের মধ্যবর্তী সরু গলি দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকেই বের হওয়ার পথ ঘিরে রেখেছিলেন।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাস বা কর্মানুমতির অপব্যবহারকারীদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ৮৩১ জন বিদেশির কাগজপত্র যাচাই করে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৪৮৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের বিষয়টিও উঠে এসেছে। বিশেষ করে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার প্রমাণ পাওয়া গেছে। লোকমান এফেন্দি বলেন, কিছু বিদেশি কর্মীর নির্মাণ খাতে কাজের অনুমতি থাকলেও তারা রেস্তোরাঁয় কাজ করছেন, যা কর্মানুমতির অপব্যবহার। নিয়োগকর্তাদেরও আইন লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে।
অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে। জাতীয়তাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন, তাদের সংখ্যা ১৫২। এছাড়া নেপালের ১১৫, মিয়ানমারের ৯৯, ভারতের ৬৫, ইন্দোনেশিয়ার ৪৩, পাকিস্তানের ১১ এবং শ্রীলঙ্কার চারজন রয়েছেন।
অভিযানে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। তদন্তের স্বার্থে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে পাঁচটি সাক্ষী তলবের নোটিশ জারি করেছে অভিবাসন বিভাগ। লোকমান এফেন্দি জানান, তদন্তে কোনো প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আটক ৪৮৯ জনকে অধিকতর তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সেমেনিয়েহ অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়, যেখানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়, যেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
অনলাইন ডেক্স 
























